কিশোরগঞ্জ সদরের মাইজখাপনে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে প্রকল্প সভাপতিসহ কমিটির লোকজন এ কর্মসূচীতে ব্যাপক লুটপাট করার অভিযোগ তুলে স্থানীয় লোকজনও ফুঁসে উঠেছে। এসব লুটপাটের প্রতিবাদে স্থানীয় লোকজন সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছে।
জানা যায়, কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামের আফছার মেম্বারের বাড়ি থেকে জহুর আলী মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও সংস্কারের জন্য কাবিখা প্রকল্পের আওতায় গত অর্থবছরে ৭ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়। প্রকল্প সভাপতি স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কালাম ও কমিটির অন্যান্য সদস্যরা পরস্পর যোগসাজশে নামমাত্র মাটি ভরাট করে সমুদয় চাল উত্তোলন করে আত্মসাৎ করে। এতে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা প্রতিবাদ করলেও ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে সভাপতি আবুল কালাম প্রশাসনকে ম্যানেজ করে প্রকল্পের চাল আত্মসাৎ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সুষ্ঠু তদন্তের দাবি করে লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারণে দীর্ঘদিনেও প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছে না। এতে স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। জনস্বার্থে বিষয়টিতে সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতনমহল।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার