কিশোরগঞ্জের কটিয়াদীতে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে সন্ত্রাসীদের বিচার দাবী করেছে কলেজ ছাত্র নাইমের সহপাঠীরা। বাড়ি দখল করতে গিয়ে ভাংচুরের ঘটনা ঘটায় প্রতিপক্ষ। এ সময় তাদের নিক্ষিপ্ত এসিডে ৩জন দগ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসিড দগ্ধদেরকে প্রথমে কটিয়াদী হাসপাতালে ও পরে তাদের অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, বুধবার দুপুরে মসূয়া ইউনিয়নের আদমপুর গ্রামে সবুজ মিয়ার নেতৃত্বে একদল লোক রূপবানী বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বাধা দিতে গেলে এসিডের শিকার হন রূপবানী বেগম (৪০) সরূফা (৩৫) ও কলেজ ছাত্র নাইম (১৮)।
এলাকার আব্দুর রশিদ জানান, সবুজ মিয়ার নেতৃত্বে ৫০-৬০ লোক রূপবানীর বাড়িতে হামলা চালিয়ে ৩টি বসত ভিটা ভাংচুর করে ও এসিড নিক্ষেপে তাদেরকে আহত করে।
ব্র্যাক কটিয়াদী অফিসের মাঠ সংগঠক আমেনা বেগম বলেন, কিশোরগঞ্জ সদর হাসপাতালে আমাদের জেলা ব্যবস্থাপক আজাদ রহমান রোগীদের দেখভাল করছেন। তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে এসিড সার্ভাইভ কেন্দ্রে পাঠানো হবে।
এ ব্যাপারে অভিযুক্ত সবুজ মিয়া জানান, আমি বাড়িটি ক্রয় করেছি। যাতে করে বাড়ি দখল না নিতে পারি সে জন্যই তারা নিজেরাই ঘর ভাংচুর করে নিজেদের গায়ে এসিড দিয়ে আমাদেরকে হয়রানি করছে।
বৃহস্পতিবার সকালে এসিড দগ্ধ নাইমের সহপাঠীরা এসিড সন্ত্রাসীদের বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। তারা সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবী জানায়।
এ ব্যাপারে বৃহস্পতিবার হাইদুল ইসলাম বাদী হয়ে সবুজ, জামাল ও জোসনা বেগম কে আসামী করে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করে।
কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ জানান, জমি নিয়ে বিরোধ ছিল। মামলা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার