-
by এস এম রেজাউল করিম
-
ঝালকাঠি।
-
২০ মে ২০১২
-
২৩:৪৫
-
অপরাধ 
জেলার রাজাপুর উপজেলায় নেশার টাকা দিতে না পারায় ব্লেড দিয়ে রোজিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঠোঁট কেটে ফেলেছে পাষণ্ড স্বামী। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বুধবার দুপুরে নিজ বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নেশাগ্রস্ত রিক্সা চালক স্বামী ইউনুস আলী হাওলাদার এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
আহত রোজিনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে রাজাপুরের বাইপাস এলাকার কাঞ্চন আলীর পুত্র রিক্সাচালক ইউনুস হাওলাদারের সাথে বিয়ে হয় যশোরের রোজিনা আক্তারের। বিয়ের পর থেকেই ইউনুস রোজিনাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করত। এক পর্যায়ে বাধ্য হয়ে রোজিনা স্বামীর চাহিদা মেটাতে দিনে ৭০ টাকা আয়ে রাস্তায় শ্রমিকের কাজ নেয়। কিন্তু তাতেও স্বামীর নেশার টাকার চাহিদা মেটাতে না পারায় দিনে দিনে তার ওপর বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। বুধবার দুপুরে সদরের চর রাজাপুরের বাসায় এসে স্বামী ইউনুস টাকা চাইলে রোজিনা তা দিতে না পারায় তাকে ব্লেড দিয়ে তার উপরের ঠোঁট কেটে ফেলে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ইউনুস পালিয়ে যায়। স্থানীয়রা রোজিনাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত এ সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার