
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই শিক্ষা, স্বাস্থ্যসেবা ইত্যকার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক সেবাই রাষ্ট্রের কাছ পেয়ে থাকি।রাষ্ট্রের কাছ থেকে এই সেবা পাওয়া নাগরিকের সংবিধানস্বীকৃত অধিকার। কিন্তু এই সেবাগুলো সম্বন্ধে আমাদের সন্তুষ্টি/হতাশা প্রকাশ করা বা সুপারিশ দেয়ার কোনো প্রতিষ্ঠিত মাধ্যম নেই। আমরা প্রত্যেকেই সরকারী সেবা সম্পর্কে আমাদের চিন্তা-ভাবনা ও মতামত প্রকাশ করতে চাই। সরকারি পরিষেবা সম্পর্কে নাগরিকের চিন্তা-ভাবনা ও মতামতই হচ্ছে নাগরিক কণ্ঠ।
নাগরিকরা যদি সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারে এবং সেবা প্রদান প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে তাহলে মানসম্মত সেবা প্রদান সম্ভব হয়। নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে সংশ্লিষ্ট সেবাদানকারী জনগণের প্রকৃত চাহিদা এবং সন্তুষ্টিকে বিবেচনায় নিয়ে উন্নত ও কার্যকর সেবা প্রদান করতে পারেন। তাই সাধারণ নাগরিকদের রাষ্ট্রের পরিষেবা কেন্দ্রগুলির কাছাকাছি নিয়ে যাওয়া এবং সম্মিলিত উদ্যোগে সরকারের জনকল্যাণকর উদ্যোগ আরও বেশী কার্যকর করার মাধ্যমে সাধারণ নাগরিকের জীবনমান উন্নত করার লক্ষেই নাগরিক কণ্ঠ।
www.nagorikkontho.org এই পোর্টালে বাংলাদেশের যে কোন নাগরিক সরকারী সেবা সম্পর্কিত বিষয়ে মতামত পাঠাতে এবং একজন নাগরিক হিসাবে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে কি কি সেবা পেতে পারে তার সনদ, তথ্য অধিকার আইন ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবে। পোর্টালটিতে নিচের যে কোন উপায়ে তথ্য পাঠানো যাবে- ১. যে কোন মোবাইল নম্বর থেকে ০১৭৩৩৪৯৮১৮৫ নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে; ২. admin@nagorikkontho.org এই ঠিকানায় রিপোর্ট, ছবি বা ভিডিও ই-বার্তা পাঠানোর মাধ্যমে; ৪. পোর্টাল এ সংযোজিত নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে।
প্রাথমিক অবস্থায় জাতীয় পর্যায়ের বেসরকারী সংগঠন পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার এর সমন্বয়ে সারাদেশে একদল স্বেচ্ছাব্রতী কাজ করবে। এই স্বেচ্ছাব্রতীদল নাগরিকগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করবে এবং নাগরিক প্রতিবেদনের/সাংবাদিকতার মাধ্যমে তাদের প্রত্যাশা-মতামত তুলে ধরতে উৎসাহিত করার জন্য দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এর পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিরাও এই কার্যক্রমের সাথে যুক্ত থাকবে। পরবর্তী পর্যায়ে এই কাজের সাথে অন্যান্য বেসরকারী সংগঠনগুলিকেও যুক্ত করা হবে।
Designed and Developed By Domain Technologies Ltd.